গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলনে অভিযান ॥ দুইজনের কারাদণ্ড ও জরিমানা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাওয়াখানা এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, দরবস্ত ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের আব্দুর রহিম উদ্দিনের ছেলে মিণ্টু প্রধান (৪০) এবং শিবগঞ্জ উপজেলার রহবল চন্দ্রহাট্টা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহিনুর মণ্ডল (৩৬)। উপজেলা প্রশাসন জানান, একটি চক্র করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান বলেন, সরকারি নিয়ম-নীতি উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।