শনিবার, নভেম্বর ২১, ২০২৭

গোমস্তাপুরে যুবলীগ নেতাকে নিয়ে ওসির বৈঠকের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ॥ ১৬ আগস্ট ২০২৬ ০৭:৫০ অপরাহ্ন
গোমস্তাপুরে যুবলীগ নেতাকে নিয়ে ওসির বৈঠকের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে ওসির প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্য দেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ। বিএনপি নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে ওসি নূরে আলমের বৈঠকের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মকাণ্ড চালানোর পাশাপাশি প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি গোমস্তাপুরের নুহু স্ট্যান্ডে আয়োজিত মাদকবিরোধী উঠান বৈঠকে ওসি নূরে আলমের পাশে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হুমায়ুন রেজা এবং উপজেলা যুবলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে বসে থাকতে দেখা যায়। এ ঘটনায় বিএনপি নেতারা তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং ওসির প্রত্যাহারের দাবি করেন। তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করেছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম। তিনি বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী উঠান বৈঠকে একটি চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। সংবাদ সম্মেলনে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।