বুধবার, নভেম্বর ১৮, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ভয়াবহতা ॥ জেলা হাসপাতালে রোগীর চাপ ॥ ডেঙ্গুতে মৃত্যু ৪

মোঃ নাদিম হোসেন (নিজস্ব প্রতিনিধি) ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
মোঃ নাদিম হোসেন (নিজস্ব প্রতিনিধি) ০২ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু ভয়াবহতা ॥ জেলা হাসপাতালে রোগীর চাপ ॥ ডেঙ্গুতে মৃত্যু ৪

চাঁপাইনবাবগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব। পৌর এলাকার অন্তত ছয়টি এলাকাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তীব্র চিকিৎসা সংকট ও স্থানসংকুলানের অভাব দেখা দিয়েছে। প্রয়োজনীয় জনবলের অভাবে সেবা দিতে চরম হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, চিকিৎসা ত্রুটির কারণে ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জের ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। জেলা হাসপাতাল সুত্র জানায়, ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭১ জন। এদের মধ্যে ৩৩ জন পুরুষ, ২৮ জন নারী এবং ১০ জন শিশু (৭ ছেলে ও ৩ মেয়ে)। চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলা হাসপাতালে মোট সর্বমোট নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭৯৬ জন। এছাড়া, হাসপাতালের বহির্বিভাগে নতুন শনাক্ত হয়েছেন ৪৪ জন এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বহির্বিভাগে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৫৮৫ জন।


সর্বশেষ তথ্য মোতাবেক, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। ৩০ আগস্ট (রোববার) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ব্যবসায়ী আব্দুল হান্নান (৩৯)। চিকিৎসকরা জানান, অতিরিক্ত দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ায় ‘ডেঙ্গু শক সিন্ড্রোমে’ তাঁর মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে দেরিতে আসার কারণে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বড় ইন্দারা মোড়ের ৬ বছর বয়সী শিশু রাব্বুল এবং চিকিৎসা শেষ না করে স্বেচ্ছায় বাড়ি ফিরে যাওয়ার পর জটিলতা বেড়ে মারা যান ২২ বছর বয়সী যুবক শামসুল ইসলাম আরেফিন। সবশেষ গত সোমবার মারা যায় শহরের মসজিদপাড়া গ্রামের ১৬ বছর বয়সী কিশোরী মোসাঃ ধানু।


তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যমতে, তাঁদের দাপ্তরিক নথিতে বর্তমানে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং গণমাধ্যমে উঠে আসা বাকিদের বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পৌরসভার মসজিদপাড়া, শিবতলা, বালুবাগান, আরামবাগ, হুজরাপুর ও চাঁদলাই, এই ছয়টি এলাকাকে স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর প্রধান হটস্পট হিসেবে চিহ্নিত করেছে। হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা নেওয়া একাধিক রোগী ও স্বজনরা জানান, হঠাৎ করেই তীব্র জ্বর ও সারা শরীরে অস্বাভাবিক ব্যাথা নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হতে বাধ্য হচ্ছেন রোগীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর এলাকার ড্রেন ও নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করা এবং উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার কারণেই এডিস মশার উৎপাত চরম আকার ধারণ করেছে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শনাক্তের প্রয়োজনীয় এনএস-১ (NS1) কিট, আইজিএম, আইজিজি, নতুন সিবিসি (CBC) মেশিন ও স্যালাইনের কোনো ঘাটতি নেই। কিন্তু মূল সংকট দেখা দিয়েছে চিকিৎসা কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীর। হাসপাতালে কোনো মেডিসিন কনসালট্যান্ট নেই, অনুমোদিত মেডিকেল অফিসারের পদও খালি। এমনকি পুরো হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য রাজস্ব খাতে কর্মী আছেন মাত্র তিনজন। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার জানান, ‘সীমাবদ্ধতা ও জনবল সংকট থাকা সত্ত্বেও আমরা সাধ্যমত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তবে অনেক রোগী জ্বর হওয়ার ৫-৬ দিন পর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসছেন, যা ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। জটিল রোগীদের ক্ষেত্রে দ্রত হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হচ্ছে।’ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এবিষয়ে বলেন,


‘সংক্রমণ বেশি থাকা এলাকাগুলোতে লার্ভিসাইড ও ইনসেক্টিসাইড স্প্রে করার পাশাপাশি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালানো হচ্ছে। সাধারণ মানুষকে সচেতন করতে ২০ হাজার লিফলেট বিতরণ এবং মাইকিং ও মসজিদে প্রচারের ব্যবস্থা করা হয়েছে।’ চিকিৎসক ও সচেতন মহলের মতে, কেবল পৌরসভার মশক নিধন অভিযানের ওপর নির্ভর না করে, ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি পর্যায়ে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। বাসাবাড়ির আশপাশে জমা পানি ও আঙিনা পরিষ্কার রাখার পাশাপাশি জ্বর অনুভূত হলেই দ্রুততম সময়ে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বলে মত বিশেষজ্ঞদের।