নাটোরে মসজিদের উন্নয়নে সাবেক মেয়র আল মামুন’র অর্থ সহায়তা
নাটোর পৌরসভার সাবেক মেয়র ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী শেখ এমদাদুল হক আল মামুন নিজস্ব তহবিল থেকে পটুয়াপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। শুক্রবার বাদ জুমা নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পটুয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এ অর্থ প্রদান করেন। এ সময় শেখ এমদাদুল হক আল মামুন বলেন, তিনি নিয়মিত নাটোর শহরের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় পটুয়াপাড়া জামে মসজিদে নামাজ আদায় করে মসজিদের উন্নয়নকাজে নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। তিনি আরও বলেন, তার মেয়াদকালে নাটোর পৌরসভায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়ে তিনি আবারও পৌরবাসীর সেবা করতে চান। এ জন্য তিনি সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন। আল মামুন জানান, নাটোর পৌরসভায় প্রায় ১১০টি মসজিদ রয়েছে। এর মধ্যে ৯০টিরও বেশি মসজিদে তিনি নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়েছেন। বাকি মসজিদগুলোতেও নির্বাচনের আগে অনুদান দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, নির্বাচনের তফসিল ও আচরণবিধি কার্যকর হলে এ ধরনের কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ থাকতে পারে। তাই আগেই পৌরসভার নয়টি ওয়ার্ডের মসজিদগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। জনপ্রতিনিধি না থাকলেও ভবিষ্যতেও তিনি সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।