মঙ্গলবার, অক্টোবর ০৭, ২০২৭

ভালুকায় মাদকের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা ॥ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সফিউল্লাহ আনসারী-ভালুকা ০৫ অক্টোবর ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন সারাদেশ
সফিউল্লাহ আনসারী-ভালুকা ০৫ অক্টোবর ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন
ভালুকায় মাদকের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা ॥ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামের ধরনী বাঁশঝাড় এলাকায় সিডস্টোর-পালগাঁও সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। আওলাতলী ২নম্বর ওয়ার্ডের মাদকবিরোধী কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। একপর্যায়ে স্থানীয় যুবক পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে দাবি করেন তাঁরা। বক্তারা বলেন, ওই ঘটনার পর পারভীনের মেয়ে ঝুমা আক্তার স্থানীয় ১১ জনের বিরুদ্ধে আদালতে সিআর মামলা নম্বর ১০৩৮/২৬ দায়ের করেছেন। মামলায় নিরীহ গ্রামবাসীদের আসামি করা হয়েছে দাবি করে তাঁরা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে উল্লেখ করেন। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে আওলাতলী এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন, ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম। এছাড়া স্থানীয় ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিন ও কমুর উদ্দিন, আবুল হোসেন মাস্টার, দুলাল মাস্টার, যুবদল নেতা আরফান, জাহাঙ্গীর তালুকদার ও স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজী দুলাল ও হযরত আলী ফরাজীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।