২৫০ শয্যা হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের নিজস্ব অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতার কোনো বিকল্প নেই।” ডেঙ্গু থেকে বাঁচতে প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এমপি বুলবুল বলেন, সদর হাসপাতালে চিকিৎসক সংকটসহ যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত এসব সমস্যার সমাধান হবে। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান বলেন, কিছুদিন আগে স্থানীয় সংসদ সদস্য হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় তিনি ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ হাসপাতালের বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করা হয়েছে। আরএমও জানান, এসব কিট দিয়ে আগামী তিন থেকে চার মাসের প্রয়োজন মেটানো সম্ভব হবে। এসময় সাবেক এমপি লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।