এসআরবি’র অভিযানে নিয়ামতপুরে ট্যাপেন্টাডল-নগদ অর্থসহ আটক-৩
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার নিয়ামতপুরে ৫০৬ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল ফোন ও ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিএসসি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নওগাঁর নিয়ামতপুর থানার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটককৃত ব্যক্তিরা হচ্ছে, নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে নিয়ামতপুরের রাউতাড়া গ্রামে বসবাসকারী মো. তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মো. পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মো. জিয়াউল হক (৪৮)। এসআরবি-৫ রাজশাহীর এক প্রেসনোটে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে কয়েকজন মাদক কারবারি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন এমন খবরে আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়। এসময় মাদক কারবারী নওগাঁর মান্দার তারেকুল ইসলাম (২৮), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জমিনপুর গ্রামের মো. পিন্টু রহমান (৫২) এবং কবিরাজতলা গ্রামের মো. জিয়াউল হক (৪৮)। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ও অস্ত্র কারবারিসহ অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।