হালতিবিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ৭০ পিস চায়না রিং জাল জব্দ
নাটোরের নলডাঙ্গার হালতী বিলের একডালা ও খাজুরা বিলে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দিনব্যপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭০ পিস চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মাছ শিকারে ব্যবহৃত ৪০০ মিটার বানা অপসারণ এবং অবৈধভাবে সংগৃহীত ২৬ বস্তা শামুক উদ্ধার করে বিলে অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।