রবিবার, নভেম্বর ০১, ২০২৭

প্রধানমন্ত্রীর জাপান সফর ॥ বাংলাদেশে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা জাপানের

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ০৬:২১ অপরাহ্ন জাতীয়
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৬ ০৬:২১ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর জাপান সফর ॥ বাংলাদেশে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা জাপানের

আগামী ৫ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বেসরকারি বিনিয়োগ করতে পারে জাপান। এ বিনিয়োগের মাধ্যমে দেশে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দুই দেশের বিশেষ অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ ‘বিগ-বি’কে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফরে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়। সফর উপলক্ষে দুই দেশের মধ্যে ছয়টি সহযোগিতা ও সমঝোতা স্মারক সই হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ উদ্যোগের আওতায় বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও তথ্যপ্রযুক্তি অবকাঠামোর উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন পর্যন্ত জাপানি বেসরকারি বিনিয়োগের সম্ভাবনাকে স্বাগত জানান দুই দেশের প্রধানমন্ত্রী। এ বিনিয়োগের মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টির আশা করা হচ্ছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, এমআরটি লাইন ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে জাপানের সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানি সক্ষমতা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জাপানের পাঁচ হাজার কোটি ইয়েনের জরুরি সহায়তা ঋণের জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। সফরে অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, মৎস্য ও পশুপালন, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন কর্মসূচি, উপকূলীয় নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে ছয়টি স্মারক সই হয়েছে। বিনিয়োগ পরিবেশ ও স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নসংক্রান্ত দুটি চুক্তির খসড়াও চূড়ান্ত করা হয়েছে। জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন ও রপ্তানি বহুমুখীকরণ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ২৯ অক্টোবর নাগোয়া শহরে টয়োটার কারখানা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বাংলাদেশে টয়োটার কারখানা স্থাপন এবং গাড়ি ও অন্যান্য যন্ত্র উৎপাদনের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা তাদের আগ্রহ ও আশ্বাস পুনর্ব্যক্ত করেন। এছাড়া, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধান, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, মানবসম্পদ উন্নয়ন ও স্থানীয় সরকারব্যবস্থায় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয় দুই দেশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আরও বলেন, এ সফরের মাধ্যমে জাপানের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি বেসরকারি বিনিয়োগ ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সফরকে কার্যকর ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।