বুধবার, নভেম্বর ১৮, ২০২৭

শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির ফুটবল ম্যাচ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২৬ ০৪:২৮ অপরাহ্ন
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে একাদশ-দ্বাদশ শ্রেণির ফুটবল ম্যাচ

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কলেজ মাঠে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় একাদশ শ্রেণি ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী, উপাধ্যক্ষ মোহা. শরিফুল আলমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী বল কিক-অফের মাধ্যমে খেলার শুভ উদ্বোধন করেন। এ সময় অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করে। মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজন।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে কলেজে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই, শিক্ষার্থীরা মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলুক এবং ক্রীড়াঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখুক।” বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে আয়োজিত এ ফুটবল ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।