রবিবার, নভেম্বর ২৯, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে চুকবল প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জে চুকবল প্রশিক্ষণ কর্মসূচি-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”-এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও দলগত কাজের মানসিকতা তৈরি করে। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। চুকবলের মতো নতুন খেলার প্রসার ঘটাতে হলে নিয়মিত প্রশিক্ষণ, অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজন করতে হবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা খেলাধুলার উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।” বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  বাংলাদেশ চুকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্লোল দাশ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজিজুল হক, আবু সাহিন ও আব্দুল হান্নান প্রমুখ। প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিরা চাঁপাইনবাবগঞ্জে চুকবল খেলার প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।