খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। মাসুদ রানা বলেন, সকালে একটি তেলবাহী লরি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। এ সময় চুকনগর থেকে খুলনাগামী একটি মাহিন্দ্রর (থ্রি হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রের সাতজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় জানতে কাজ চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।