শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

বাগাতিপাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের মতবিনিময় সভা

নাটোর প্রতিনিধি ০৬ নভেম্বর ২০২৬ ০৬:১০ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০৬ নভেম্বর ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
বাগাতিপাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের মতবিনিময় সভা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থীদের বিজয়ী করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম। সভায় বক্তারা সরকারের আট মাসের উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে। বাগাতিপাড়া-লালপুর আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনীত প্রার্থীদের স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মাহাতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা। ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মো. রমজান আলী ফাকনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল বাতেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমান, ইউনিয়ন মহিলাদলের সভানেত্রী আইভি, ওলামা দলের সভাপতি মো. আব্দুল বারী, ছাত্রদল নেতা জুবায়ের, কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ও যুবদলের সভাপতি তরিকুল ইসলাম তরুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।