চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন ॥ সভাপতি মীম-সম্পাদক আক্তার
৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন মীম ফজলে আজিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন আক্তারুজ্জামান আক্তার। গত শনিবার (০২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্যাডে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন-সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন রিপন এবং সাংগঠনিক সম্পাদক মো. মোখলেসুর রহমান। অনুমোদন হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। নবগঠিত জেলা ছাত্রদলের এই কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিএনপির শুভাকাঙ্খীরা। নবগঠিত জেলা ছাত্রদলের কমিটির নেতৃবৃন্দকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা।