সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

রাজশাহী রেঞ্জের ৮ জেলায় আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ ॥ শ্রেষ্ঠত্ব অর্জন জেলার ৪ পুলিশ কর্মকর্তার

নিজস্ব প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৬:৪৩ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৬:৪৩ অপরাহ্ন
রাজশাহী রেঞ্জের ৮ জেলায় আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ ॥ শ্রেষ্ঠত্ব অর্জন জেলার ৪ পুলিশ কর্মকর্তার

রাজশাহী রেঞ্জের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সামগ্রিক মূল্যায়নে আট জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। একই সঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন জেলার চার পুলিশ কর্মকর্তা। রোববার (৮ নভেম্বর) রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর মাসের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে এ স্বীকৃতি দেওয়া হয়। এ মূল্যায়নে রাজশাহী রেঞ্জের আট জেলার ৭১টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ। এছাড়া মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সদর মডেল থানার এস.আই (নিরস্ত্র) মো. বেল্লাল হোসেন। মাদক উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন জেলা গোয়েন্দা শাখার এ.এস.আই (নিরস্ত্র) মো. শাহিদ আখতার এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন শিবগঞ্জ থানার এ.এস.আই (নিরস্ত্র) মো. আকতার হোসেন।চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এবং শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তারা রাজশাহী রেঞ্জের ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর আশরাফ আলী পিপিএম এর কাছ থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন। এ অর্জনে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “রাজশাহী রেঞ্জের আট জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের প্রথম স্থান অর্জন এবং বিভিন্ন ক্যাটাগরিতে চারজন পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। এ সাফল্য জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার ফল।” তিনি বলেন, এই অর্জনের পেছনে জেলার সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অবদান রয়েছে। আমি তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। পাশাপাশি ভবিষ্যতেও এ সাফল্যের ধারা ধরে রাখতে আরও নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছি।” পুলিশ সুপার আরও বলেন, “এই সাফল্য শুধু জেলা পুলিশের একার নয়, এটি জনবান্ধব চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের মানুষেরও। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা আমাদের কাজকে আরও গতিশীল করে।” তিনি আশা প্রকাশ করেন, জেলা পুলিশের এ সাফল্যের ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাবে এবং পুলিশের কাজে জেলার সকল পর্যায়ের মানুষ আন্তরিকভাবে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।