সোমবার, নভেম্বর ০৯, ২০২৭

গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৯ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন
গোমস্তাপুরে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উপলক্ষে আয়োজিত বিশাল আলোচনা সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। রোববার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। রহনপুর পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশরাফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের অর্থবিষয়ক সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোল বিএনপি নেতা নুর কামাল ও দুরুল হুদা। এ ছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংগঠনিক ঐক্য ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, নির্বাচনে আপনারা যে ভুল করেছেন, এখন সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। আলোচনা সভা শেষে মরহুম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।