ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চায়না নিষিদ্ধ জাল ধ্বংস ও জরিমানা
ময়মনসিংহের গফরগাঁওয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস এবং একজন জেলেকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। বৃহস্পতিবার এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির নেতৃত্বে অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। অভিযানের পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের মধ্যে চায়না জালের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনির জানান, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ চায়না দুয়ারি (ম্যাজিক জাল) জাল জব্দ করা হয়। পরে জনসম্মুখে ওই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় একজনকে জরিমানা আদায় করা হয়। তিনি জানান, চায়না দুয়ারি জাল অত্যন্ত ক্ষতিকর একটি অবৈধ মৎস্য আহরণ উপকরণ। এ ধরনের সূক্ষ্ম ফাঁসের জালে মাছের পোনা, ডিম ও ছোট আকারের মাছ নির্বিচারে ধরা পড়ে। ফলে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। তিনি বলেন, জীববৈচিত্র্য ও দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অবৈধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।