বুধবার, অক্টোবর ০৭, ২০২৭

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ॥ প্রধান শিক্ষক আটক

দর্পণ ডেস্ক ০৬ অক্টোবর ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন সারাদেশ
দর্পণ ডেস্ক ০৬ অক্টোবর ২০২৬ ০৫:২৭ অপরাহ্ন
শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ ॥ প্রধান শিক্ষক আটক

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে এক প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। পুলিশের দাবি, তিনি কুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। পুলিশ জানায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় একটি ব্যানার বহন করা হয়, যাতে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’। তিল্লি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন বলেন, “প্রধান শিক্ষক নিজেই শিক্ষক দিবসের ব্যানার এনেছেন। শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পরে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। সাটুরিয়া থানার ওসি মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আবুল হাশেম ভূঁইয়াকে একটি রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে।