গোমস্তাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার রহনপুর পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিম, মেহগনি ও কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-ভোলাহাট-নাচোল) আসনের সংসদ সদস্য ড. মো. মিজানুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইছাহাক আলী, উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত ফরেস্টার সিরাজুল ইসলাম, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, বিএনপি নেতা আশরাফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুধীজন। বক্তারা বলেন, সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের যে কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়নে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা আরও বলেন, একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং এ কাজে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়।