মঙ্গলবার, আগস্ট ০৪, ২০২৭

ফেসবুকে এবার বিনামূল্যেই মিলবে ভেরিফায়েড ব্যাজ

চাঁপাই দর্পণ ২৫ জুলাই ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
চাঁপাই দর্পণ ২৫ জুলাই ২০২৬ ০৬:০৪ অপরাহ্ন
ফেসবুকে এবার বিনামূল্যেই মিলবে ভেরিফায়েড ব্যাজ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে এসেছে এর অভিভাবক প্রতিষ্ঠান ‘মেটা’। ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে আসা এই সেবার মাধ্যমে কোনো খরচ ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। এর লক্ষ্য ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয় শনাক্ত সহজ করা।

মেটা জানিয়েছে, এই ব্যাজ দেখাবে যে সংশ্লিষ্ট প্রোফাইলের পেছনে সত্যি একজন আছেন, যিনি যাচাইপ্রক্রিয়া সম্পন্ন করেছেন। এটি মেটার পেইড সাবস্ক্রিপশন সার্ভিস ‘মেটা ভেরিফায়েড’ থেকে আলাদা।নতুন ফেসবুক ভেরিফায়েড ব্যাজটি বিনা মূল্যে দেওয়া হবে এবং এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু করা হচ্ছে।

কী এই নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’?

নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ হলো এমন একটি পরিচয় যাচাই ব্যবস্থা, যেখানে ব্যবহারকারীকে একটি ছোট ভিডিও সেলফি ধারণ করতে হবে। মেটা সেই ভিডিওটি অ্যাকাউন্টে থাকা বিদ্যমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছে মেটা।

কারা এই ব্যাজ পাবেন?

এই ফিচার ব্যবহার করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, অ্যাকাউন্টটি ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী ভালো অবস্থায় থাকতে হবে; প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কার্যকলাপের ইতিহাস থাকা যাবে না, পরিচয় যাচাই সফল হতে হবে এবং পরিচয় যাচাই সম্পন্ন হলে ব্যাজটি ফেসবুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেখা যাবে। যেমন - প্রোফাইল, মার্কেট প্লেস, গ্রুপ ও ফেসবুক ডেটিং। পরবর্তী সময়ে নিউজ ফিডেও এই ব্যাজ দেখানোর পরিকল্পনা রয়েছে।

কেন এই উদ্যোগ?

মেটা বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে এখন খুব সহজেই ভুয়া ছবি, ভুয়া পরিচয় এবং বিশ্বাসযোগ্য প্রোফাইল তৈরি করা যাচ্ছে। এসব ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা বাড়ছে। নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ ব্যাজের মাধ্যমে ব্যবহারকারীরা অন্তত বুঝতে পারবেন, যার সঙ্গে যোগাযোগ করছেন, তিনি একজন বাস্তব ব্যক্তি কি না।

তবে মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজ কোনো ব্যক্তির সততা বা বিশ্বাসযোগ্যতার নিশ্চয়তা দেয় না। এটি শুধু পরিচয় যাচাইয়ের প্রমাণ।

মেটা আরও জানিয়েছে, ‘ফেসবুক ভেরিফায়েড’ ধাপে ধাপে চালু করা হবে। শুরুতে নির্বাচিত কয়েকটি দেশে এটি চালু হবে। পরে পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশেও ফিচারটি সম্প্রসারণ করা হবে। তবে কোন কোন দেশে প্রথমে চালু হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। সূত্র: এনগ্যাজেট