বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৭

বাংলাদেশ ও চীন’র সহযোগিতা সমঝোতা স্মারক সই ॥ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন

বিশেষ প্রতিবেদক ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন জাতীয়
বিশেষ প্রতিবেদক ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
বাংলাদেশ ও চীন’র সহযোগিতা সমঝোতা স্মারক সই ॥ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন

বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনের পক্ষে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এসময় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসি চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।


মোংলায় প্রধানমন্ত্রীর সফরসূচিতে বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে। অন্যদিকে, খুলনা থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ ক্রীড়া আসরের উদ্বোধন করেন। এর আগে প্রধানমন্ত্রী মোংলা বন্দর পরিদর্শন শেষে বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করেন।


পরে কাটাখালী ও কুদির বটতলা হয়ে খুলনা সার্কিট হাউজে পৌঁছান তিনি। সেখান থেকে বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধনের মধ্য দিয়ে দেশের শিশু-কিশোরদের ক্রীড়াঙ্গনে প্রতিভা বিকাশের নতুন আয়োজনের সূচনা হয়। এসময় উপস্থিত ছিলেন যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম রবি, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।