চাঁপাইনবাবগঞ্জে আগুনে ভস্মীভূত আমের আড়ত ॥ নাশকতার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মান্নু মোড়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি আমের আড়ত ও পাশের একটি রুটির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আমের আড়তের মালিক উপজেলার কালিনগর গ্রামের তাসির উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (আমিন) অভিযোগ করে বলেন, কে বা কারা পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে আমার আমের আড়তে আগুন দিয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আমের আড়ত ও পাশের রুটির দোকানে আগুন জ্বলতে দেখে তারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে দুটি স্থাপনাই পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, রাতের অন্ধকারে একটি আমের আড়ত ও একটি রুটির দোকান আগুনে পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কোনো নাশকতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।