জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ‘মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান’। দেশীয় সাংস্কৃতিক সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান, গণসংগীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা।
আয়োজকদের প্রকাশিত প্রচারপত্র অনুযায়ী, সোমবার (৩ আগস্ট) বিকেল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মানিক রায়হান। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড.মাহফুজুর রহমান আখন্দ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। এছাড়া বিশিষ্ট গীতিকার ও নাট্যকার মামুদ রানা, বিশিষ্ট শিল্পী ও প্রযোজক শফিক আদনান এবং বিশিষ্ট সংগীতশিল্পী, সুরকার ও শিল্পী ইউসুফ বকুল সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।
পাশাপাশি জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এর মধ্যে ছিলো ফোয়ারা সাংস্কৃতিক সংসদ, মহানন্দা শিল্পীগোষ্ঠী এবং অভিযাত্রী শিল্পীগোষ্ঠী। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ এবং গণমানুষের আকাঙ্ক্ষাকে স্মরণ করতেই এ সাংস্কৃতিক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে জেলার সংস্কৃতিপ্রেমী মানুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থী, সাহিত্য-সংস্কৃতির কর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
দেশীয় সাংস্কৃতিক সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা আশা প্রকাশ করেন, এই আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি নতুন প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে ঘিরে এ আয়োজনকে চাঁপাইনবাবগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জেলার সংস্কৃতিপ্রেমীরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন।