মঙ্গলবার, অক্টোবর ০৭, ২০২৭

ভালুকায় বিদ্যুতের তার ছিঁড়ে ২ বৃদ্ধের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন সারাদেশ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০৩ অপরাহ্ন
ভালুকায় বিদ্যুতের তার ছিঁড়ে ২ বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দুই বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধলিয়া ইউনিয়নের খারুয়ালী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, খারুয়ালী গ্রামের আব্দুল আজিজ আকন্দের ছেলে সাহাব উদ্দিন আকন্দ (৬৫) এবং একই এলাকার মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ (৬২)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ধনু আকন্দ বাড়ির পাশে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় অসাবধানতাবশত মাটিতে ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তাড়ে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। আকস্মিক এই দৃশ্য দেখে তাঁকে বাঁচাতে দ্রুত এগিয়ে আসেন চাচাতো ভাই সাহাব উদ্দিন আকন্দ। কিন্তু স্পর্শ করামাত্র তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। নিহতদের স্বজন ও ক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, দুর্ঘটনাকবলিত স্থানে পল্লী বিদ্যুতের তার বিপজ্জনকভাবে ছিঁড়ে পড়ে থাকার বিষয়টি আগেভাগেই সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে জানানো হয়েছিল। কিন্তু বারবার তাগাদা দেওয়ার পরও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা সময়মতো সংস্কারের কোনো ব্যবস্থা নেননি। বিদ্যুৎ বিভাগের এমন চরম অবহেলা ও গাফিলতির কারণেই দুটি তাজা প্রাণ অকালে ঝরে গেল বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার (জিএম) নাসির উদ্দিন জানান, ঘটনাটি তদন্তে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।