দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সরকারি ছুটি উপলক্ষ্যে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা ৮ দিন ভারতের সাথে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে, এসময় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের বিপরীতে ওপারের পেট্রাপোল বন্দর দিয়ে আগামী ১৭ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে, বাংলাদেশে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পূজার সরকারি ছুটি নির্ধারণ করায় দীর্ঘ ছুটির কবলে আন্তর্জাতিক এই বাণিজ্যিক পথটি। পণ্য খালাস ও বন্দরের ভেতরের দাপ্তরিক সূচি বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) রুহুল আমিন জানান, ১৯ অক্টোবর রাত পর্যন্ত বন্দরের শেড ও ইয়ার্ডগুলোতে পণ্য খালাসসহ ভারতীয় ট্রাক থেকে পণ্য ওঠানো-নামানোর অভ্যন্তরীণ কার্যক্রম সচল থাকবে। এ সময়ের মধ্যে ভারতীয় চালকরা পণ্য খালাস সম্পন্ন করে নিজ দেশে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে পারবেন। পরবর্তীতে সার্বিক ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক নিয়মে চালু হবে। উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ৩০০ থেকে ৪০০ ট্রাক পণ্য ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। বিপরীতে দেশীয় পণ্য নিয়ে প্রতিদিন অন্তত ১০০ ট্রাক রপ্তানির উদ্দেশ্যে ভারতে যায়। দেশের শিল্পকারখানার কাঁচামাল, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং বিভিন্ন বাণিজ্যিক পণ্য পরিবহনে বেনাপোল স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত ভূমিকা পালন করে আসছে। এদিকে, পূজা উপলক্ষে আন্তর্জাতিক ইমিগ্রেশন পারাপার প্রসঙ্গে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দূর্গাপূজা উপলক্ষে দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার তুলনামূলক বাড়বে। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি তৎপরতা বৃদ্ধিসহ ইমিগ্রেশানের কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সাথে সহযোগীতার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।