মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত ১৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৩টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, ডামুরহুদা, চুয়াডাঙ্গার হৃদয় (৩০) শাহিন আক্তার (৩২), জীবননগরের নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), হাসিব (২২), মেহেরপুর মুজিবনগরের গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), ঝিনাইদহের অনিফিন (১৭), মহেশপুর, ঝিনাইদহ’র তিশা (২৪), চুয়াডাঙ্গা কাপাসডাঙ্গার সন্দীপন বসু (৪০), বোরহান উদ্দিন (৫৫), আফতাবনগরের ইকরাম (৪০), মাগুরা সদরের রায়হান (২১)। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বাসটি সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন অতিক্রম করে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধার করা ১১ জনকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিহতদের একজন রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তাঁর বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার করা একজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।