৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২
জেলার শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫) এবং একই উপজেলার শিয়ালমারা গ্রামের ছানাউল হক এর ছেলে মোঃ মুরছালিন (২১)। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু আটকের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ ও আজমতপুর বিওপির টহলদল শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ ৯৮ বোতল ইস্কাফ সিরাপ এবং অপর একটি অভিযানে ০১ জন আসামীসহ ৫০ পিস ইয়াবা আটক করেছে।
প্রথম অভিযানে ২৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আজমতপুর বিওপির নায়েক রিয়াজুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ১৮১/৭-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান কে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। অপর অভিযানে ২৯ অক্টোবর বিকেল ৪টার দিকে সোনামসজিদ বিওপির হাবিলদার মোঃ কাজী ইব্রাহীমের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৭/১১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এসময় মোঃ মুরছালিন (২১)কে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং ০১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে” বলেও জানান ৫৯ বিজিবি অধিনায়ক।