শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৭

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপির মির্জা ফয়সলের জয়

বিশেষ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপির মির্জা ফয়সলের জয়

জাতীয় সংসদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের (মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায়) পদত্যাগের পর শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই মির্জা ফয়সল আমীন। তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। ২৯ অক্টোবর রাত ৯টা ৪৫ মিনিটে এই ফলাফল ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম। ঘোষিত ফলাফলে বাংলাদেশ খেলাফত আন্দোলন এর প্রার্থী মো. আবদুল আলীম নিজামী (বটগাছ প্রতীক) পেয়েছেন ৮৩৬, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. খাদেমুল ইসলাম (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব প্রতীক) পেয়েছেন ৪৫০ ভোট। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলে। এই আসনের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ জন, নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। তাঁদের মধ্যে ১ লাখ ৩০ হাজারের বেশি হিন্দু ভোটার রয়েছেন। নির্বাচনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৩৩০ ভোট। বৈধ ভোটের সংখ্যা ৩ লক্ষ ২৯ হাজার ৫ ভোট। প্রদত্ত ভোটের হার ৬৪.৮১%। এছাড়া বিভিন্ন ধরনের কারিগরি ও নিয়মগত ত্রুটির কারণে মোট ৫,৩২৫টি ভোট বাতিল বলে গণ্য করা হয়েছে। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন-বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)। উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তৎকালীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে। ফলাফল ঘোষণার পর জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ী হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাত সাড়ে দশটায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে তিনি আগামীদিনে সবার সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, “এই বিজয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। এ বিজয় সাধারণ মানুষের বিজয়। এই বিজয় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়।” তিনি আগামী দিনেও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।