শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

নাটোরে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ

নাটোর প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ০৫:৫৪ অপরাহ্ন
নাটোরে বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ

নাটোরের বাগাতিপাড়ায় শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চ তৈরি করে মহিলাদলের কর্মীসভা আয়োজনের ঘটনায় সৃষ্ট সমালোচনার পর দুঃখ প্রকাশ ও ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত মহিলাদলের কর্মীসভা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মঞ্চ তৈরি করে আয়োজন করা হয়। এঘটনাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তাদের দৃষ্টিগোচর হয়েছে। এ জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন। বিবৃতিতে আরও বলা হয়, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনার জাতীয় চেতনা, আত্মত্যাগ ও গভীর শ্রদ্ধার প্রতীক। এমন একটি পবিত্র ও সম্মানজনক স্থানের যথাযথ মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে এ বিষয়ে আরও সতর্ক ও সচেতন হওয়া উচিত ছিল বলে স্বীকার করেন আয়োজকেরা। তারা বলেন, শহীদ মিনার কিংবা ভাষা শহীদদের অবমাননা করার কোনো উদ্দেশ্য তাদের ছিল না। তবে আয়োজন করতে গিয়ে যে ভুল হয়েছে, তা বিনয়ের সঙ্গে স্বীকার করছেন। এ ঘটনায় কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তার জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। বিবৃতিতে ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে শহীদ মিনারের পবিত্রতা, মর্যাদা ও প্রচলিত নিয়ম-নীতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অঙ্গীকার করা হয়। পাশাপাশি অনিচ্ছাকৃত ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়। বিবৃতির শেষে আয়োজক কমিটির পক্ষে মোঃ মাহাতাব উদ্দিন বিনীতভাবে দুঃখ প্রকাশ করেন।