শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশেষ (ঢাকা) প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন ঢাকা
বিশেষ (ঢাকা) প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা-প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, নজরুল ইসলাম খান, ফরহাদ হালিম ডোনার, আমানুল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে এই শোভাযাত্রা শুরু হয়। কর্মসূচিতে অংশ নিতে পৌনে ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তার নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কারও হাতে দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে ব্যতিক্রমী এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ তৈরি করে। এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেয়।