মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৭

বিজিবির রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার মালামাল উদ্ধার ॥ আটক ৬১৫জন

নিজস্ব প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
বিজিবির রংপুর রিজিয়নে ১০ মাসে ২২১ কোটি টাকার মালামাল উদ্ধার ॥ আটক ৬১৫জন

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার বেশি মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর। এসময়ে এসব অপরাধে জড়িত ৬১৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন মাধ্যমে ৫৯ বিজিবির এক তথ্যবিবরণীতে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। এছাড়া মাদকদ্রব্যের মধ্যে, ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ,


৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল এবং ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস) রয়েছে। এছাড়া, ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে উত্তর-পশ্চিম রিজিয়ন,


রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা প্রতিরোধেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে। বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’, এই ভিশন বাস্তবায়নে রংপুর রিজিয়নের সদস্যরা কাজ করে যাচ্ছেন। সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি। এদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ,


সীমান্ত নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। এছাড়াও এ ব্যাটালিয়ন গত এক বছরে আনুমানিক ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী পণ্য আটক করেছে। বিশেষ করে সাংবাদিকবৃন্দের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচার সীমান্ত নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে বিজিবি।