সাতক্ষীরায় বাসচাপায় বাইক আরোহী মা-শিশুর মৃত্যু ॥ আহত বাবা-মেয়ে
সাতক্ষীরায় বাসচাপায় বাইক আরোহী মা-শিশুর মৃত্যু ॥ আহত বাবা-মেয়ে
সাতক্ষীরার তালা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী মা ও শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরোহী বাবা ও মেয়ে। শুক্রবার দুপুর ১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে উপজেলার পাটকেলঘাটা থানার কদমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী রিতা সাধু (৩০) ও তার তিন বছরের ছেলে সৌরভ সাধু। আহত মোটরসাইকেল চালক অপূর্ব সাধু (৩৫) ও তার মেয়ে শোভা সাধু (৯) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। পাটকেলঘাটা থানার এস.আই অনিরুদ্ধ বিশ্বাস সাংবাদিকদের বলেন, কপিলমুনি থেকে মোটরসাইকেলে করে অপূর্ব সাধু তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী ‘সাতক্ষীরা লাইন’র একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিতা সাধু ও তার শিশু সন্তান সৌরভ সাধু মারা যায়। এ সময় স্থানীয়রা আহত অপূর্ব সাধু ও তার মেয়ে শোভা সাধুকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালক ও তার সহকারীকে আটক করা সম্ভব হয়নি।