খুলনায় বিএনপি নেতাকে গুলি ॥ এলাকায় উত্তেজনা
খুলনার রূপসা উপজেলায় ওয়ার্ড পর্যায়ের এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহীনুর শেখ (৪৫) তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে। রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর সাংবাদিকদের জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিজ গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন শাহীনুর শেখ। এসময় মোটরসাইকেলে আসা হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি শাহীনুরের পায়ে লাগে। আরেকটি গুলি মাথার চামড়া ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।