রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

 ‘খেলাধুলায় সম্পৃক্ততা, সমাজে সম্প্রীতি ও অপরাধমুক্ত পরিবেশ’-এই প্রত্যয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা (পুরাতন) স্টেডিয়ামে জমকালো আয়োজনে ৪টি ম্যাচের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।


উদ্বোধনকে ঘিরে পুরাতন স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। মাঠে খেলোয়াড়দের প্রস্তুতি, দর্শকদের উপস্থিতি এবং কাবাডির ঐতিহ্যবাহী উত্তেজনায় প্রাণ ফিরে পায় স্টেডিয়াম। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশায় এমন আয়োজনকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল,


চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন পিপিএম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। এসময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাঠে থানা ভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা-প্রথমবারের মতো আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপে জেলার ৫ টি থানার দল অংশ নিচ্ছে। এ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা বনাম ভোলাহাট থানা, শিবগঞ্জ থানা বনাম নাচোল থানা এবং গোমস্তাপুর থানা বনাম ভোলাহাট থানা, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা বনাম শিবগঞ্জ। এমন থানাভিত্তিক প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে মাঠে প্রতিযোগিতার আবহ তৈরি হয়। খেলার মাঠে খেলোয়াড়দের দ্রুত আক্রমণ, প্রতিপক্ষকে স্পর্শ করে ফিরে আসার চেষ্টা, রক্ষণভাগের কৌশল এবং দলীয় সমন্বয়ে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি উত্তেজনা। দেশীয় ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় এই খেলাকে ঘিরে খেলোয়াড়দের পাশাপাশি দর্শকদের মধ্যেও ছিল ব্যাপক আগ্রহ। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে, প্রতিযোগিতার খেলায় সদর দলের স্কোর ৭৭, ভোলাহাট ৩৩, নাচোল ৭৩ এবং শিবগঞ্জ ২৩, গোমস্তাপুর ৬১, ভোলাহাট ৩৫। মাঠের প্রতিটি পয়েন্ট ঘিরে খেলোয়াড়দের লড়াই এবং দর্শকদের উচ্ছ্বাসে প্রতিযোগিতার উদ্বোধনী দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত। কমিউনিটি পুলিশিংয়ের সঙ্গে খেলাধুলার সংযোগ-সংশ্লিষ্টরা বলছেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য শুধু আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে জনগণের সমন্বয় নয়,


বরং পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি বাড়ানোও এর গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মতো সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডে পুলিশ ও সাধারণ মানুষের সম্পৃক্ততা সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে। বিশেষ করে তরুণদের খেলাধুলামুখী করে তোলা, মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাগুলোর অন্যতম। গ্রামবাংলার মাঠ থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এই খেলাটির রয়েছে দীর্ঘ ঐতিহ্য।


সময়ের সঙ্গে বিভিন্ন আধুনিক খেলার জনপ্রিয়তা বাড়লেও কাবাডির সঙ্গে দেশের মানুষের আবেগ ও শিকড়ের সম্পর্ক এখনও দৃঢ়। সেই ঐতিহ্যকে সামনে রেখে পুলিশ বিভাগের উদ্যোগে থানাভিত্তিক কাবাডি প্রতিযোগিতার আয়োজন খেলাধুলার পরিসর বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করবে বলে প্রত্যাশা আয়োজকদের। প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬কে ঘিরে ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন এবং জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়দের সম্পৃক্ত করার প্রত্যাশাও রয়েছে সংশ্লিষ্টদের। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য ও সহযোগিতার সুযোগ তৈরি হলে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমার পাশাপাশি একটি নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সামাজিক পরিবেশ গড়ে তুলতে তা সহায়ক হতে পারে। ২০ সেপ্টেম্বর (রবিবার) বিকেলে ‘কাবাডি চ্যাম্পিয়নশিপ’ এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।