রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

সীমান্তে ৫৯ বিজিবির অভিযান-হেরোইনসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ন
সীমান্তে ৫৯ বিজিবির অভিযান-হেরোইনসহ দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে হেরোইনসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপি থেকে ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজার পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৯ গ্রাম হেরোইনসহ মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২) নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। পরবর্তীতে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। এসময় জব্দ করা হেরোইন ধ্বংস করা হয়। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।