৫৯ বিজিবি’র অভিযানে শিবগঞ্জ সীমান্তে বিদেশী পিস্তলসহ আটক এক
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় যানবাহন তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিনসহ এক চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা। এসময় ০২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সুরানপুর তিলকী গ্রামের জেম আলীর ছেলে মোঃ মশিউর রহমান। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ০১ জন আসামীসহ ০১টি বিদেশী পিস্তল, ০৪ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন এবং ০২টি মোটরসাইকেল আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর বিকেলে ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া গ্রামস্থ পাকা রাস্তায় যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করে। উক্ত তল্লাশি অভিযান চলাকালে ০১ জন মোটরসাইকেল আরোহী বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল সদস্যরা শটগান দিয়ে ০২ রাউন্ড ফাঁকা ফায়ার করে। এতে উক্ত মোটরসাইকেল আরোহী মোঃ মশিউর রহমান মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে যায়। পরবর্তীতে টহল দল তাকে তল্লাশী করে তার নিকট হতে ০১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন উদ্ধার করে ও তাকেসহ মোটরসাইকেলটি আটক করে। এছাড়াও আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তার নিজস্ব ব্যবহৃত আরো ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত অস্ত্র-গোলাবারুদ এবং মোটরসাইকেল ০২টি’র সিজার মূল্য-৪ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।