শনিবার, নভেম্বর ০৭, ২০২৭

ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বিশেষ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন সারাদেশ
বিশেষ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ২০ জুলাই ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে জমি চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলায় নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় আকস্মিক বজ্রপাতে ফজলুল করিম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল নয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের হরিন্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল করিম ওই ইউনিয়নের কাচনা গ্রামের মো. মহসিন আলীর বড় ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফজলুল করিম তাঁদের বাড়ির পূর্ব দিকে হরিন্দা গ্রামে নিজেদের জমিতে পাওয়ার টিলার নিয়ে চাষ করতে যান। জমি চাষের একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত সরাসরি ফজলুলের ওপর আঘাত হানে। বজ্রাঘাতে তাঁর শরীরের বাঁ দিক এবং গলার নিচের অংশ মারাত্মকভাবে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।