নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ভ্যানচালকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতর থেকে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে। নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। পরে ঘন ধোঁয়ায় কিছু দেখতে না পেরে সেখানেই আটকা পড়েন এবং শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহবুবুল ইসলাম জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডাল, তেল, চিনি ও অন্যান্য টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে টিসিবি’র এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বুধবার রাত আনুমানিক ৯টার দিকে। স্থানীয়দের সাথে আগুন নেভাতে সেখানে যায় নয়ন নামের এক ভ্যানচালক। আগুনের ভয়াবহতা দেখে অন্যরা কোনভাবে বাইরে চলে আসলেও নয়ন আটকা পড়ে। কিন্তু বিষয়টি কেউ খেয়াল করেনি। ফায়ার সার্ভিস এর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার হয়। অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। সে গোডাউন পার্শ্ববর্তী সিড়ির উপর পড়ে যায়। পরে ঘন ধোঁয়ায় কিছু দেখতে না পেরে সেখানেই আটকা পড়েন এবং শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয় বলে ধারনা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।