ফেসবুকে পোস্টের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের ভালুকায় ফেসবুকে বিদায়ী পোস্ট দেওয়ার একদিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাব্বির আহাম্মেদ (১৮)। তিনি সুলতান আহমদের ছেলে। তাঁর বাড়ি উপজেলার বাশিল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বিত্তাগুন খাল থেকে সাব্বিরের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এর আগে বৃহস্পতিবার সাব্বির তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি বিদায়ী বার্তা পোস্ট করেন বলে জানা গেছে। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তাঁর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা আরও জানায়, সাব্বির আহাম্মেদ এর পিতা মাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় চৌদ্দ বছর আগে, সে খালার কাছে লালিত পালিত হয়। পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।