ভাটারায় বিদেশি পিস্তল ও ২৫টি মোবাইলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার
রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২৫টি চোরাই মোবাইল ফোনসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ। এসময় পালিয়ে যায় আরও ২ জন ছিনতাইকারী। শনিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে ভাটারার নয়ানগর কোকাকোলা এলাকার শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলায় এ অভিযান পরিচালনা করে এসব উদ্ধার হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী হচ্ছে, হবিগঞ্জ সদর উপজেলার রাজউড়া ইউনিয়নের কোচাইল (সাইদ চেয়ারম্যানের বাড়ির পাশে) গ্রামের আব্দুল হাসিম এর ছেলে মো: হেলাল মিয়া (৪০)। বর্তমান ঠিকানা-নয়ানগর কোকাকোলা, শাবনাজ ফৌজিয়ার বাড়ির নিচ তলা, দাগ নং-৩৫৬, থানা-ভাটারা, জেলা-ঢাকা। ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলামের তত্বাবধানে এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই বাসায় কয়েকজন ব্যক্তি অস্ত্র ও ছিনতাইকৃত মোবাইলসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হেলাল মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১টি ব্যাগ ও ২৫টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত স্মার্টফোন উদ্ধার করে। পাশাপাশি ১টি পুরাতন ডিজিটাল ক্যামেরাও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া পলাতক আরও ২ জনের নাম প্রকাশ করে। তারা হচ্ছে, ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার দিস্তা গ্রামের মো: নয়ন মিয়া (২৭) এবং একই জেলার নান্দাইল মডেল থানার কুলধরুয়া গ্রামের মো: ওয়াহিদুজ্জামান ওরফে তানভীর আহম্মেদ (২৬)। হেলাল মিয়া জানায়, তারা সংঘবদ্ধ হয়ে ভাটারা থানাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, এঘটনায় ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাই আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক ২ আসামীকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।