রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৭

সাপাহারে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন

নাহিদ-পোরশা প্রতিনিধি ॥ ০৯ আগস্ট ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন সারাদেশ
নাহিদ-পোরশা প্রতিনিধি ॥ ০৯ আগস্ট ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন
সাপাহারে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন


নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী এলাকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং মাদক ও সীমান্ত অপরাধ থেকে দূরে রাখতে বিজিবির উদ্যোগে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) উপজেলার আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে রাজশাহী সেক্টরের নির্দেশনায় এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর ব্যবস্থাপনায় চার সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম। তিনি বলেন, চার সপ্তাহের এই টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এর ফলে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি সীমান্তে সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদক থেকে দূরে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ এবং আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু। তারা বলেন, প্রশিক্ষণে অর্জিত দক্ষতাকে কাজে লাগাতে পারলে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে এর পরিধি আরও সম্প্রসারণ করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষক আব্দুর রাজ্জাক ও আব্দুল হালিম-এর তত্ত্বাবধানে উপজেলার মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এ চার সপ্তাহব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।