রবিবার, আগস্ট ১৭, ২০২৭

নাটোরে রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নাটোর প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন সারাদেশ
নাটোর প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:২৫ অপরাহ্ন
নাটোরে রাস্তা পাকাকরণের দাবিতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ


নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুরা পশ্চিমপাড়া থেকে আদর্শগ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ একটি কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ব্যাতিক্রমী মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (১৪ আগস্ট) ওই কর্দমাক্ত রাস্তার পাশে দাঁড়িয়ে কয়েক গ্রামের কয়েকশ মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কাদা রাস্তার ওপর ধানের চারা রোপণ করেন ভুক্তভোগীরা। আয়োজকরা জানায়, উপজেলার সীমান্তবর্তী এই ২ কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে ধানুরা পশ্চিমপাড়া, মীরপাড়া, আদর্শগ্রাম, ফকিরপাড়া, মিল্লিপাড়া ও নজিরপুরসহ অন্তত ৫-৬টি গ্রামের প্রায় দুই হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কৃষিপণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং রোগীদের হাসপাতালে নেওয়ার জন্য এটিই একমাত্র পথ। কিন্তু শত বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জনপদে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি হাঁটু সমান কাদায় পরিণত হয়ে যানবাহন ও পথচারী চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। মানবন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীরা জানান, বর্ষা মৌসুমে কাদা-জল মাড়িয়ে কয়েক গ্রামের মানুষকে ভোগান্তির মধ্যে যাতায়াত করতে হয়। রাস্তার এই বেহাল দশার কারণে কোনো যানবাহন বা রিকশা-ভ্যান এই গ্রামে আসতে চায় না। বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ, ভোটের আগে প্রার্থীরা রাস্তা পাকাকরণের বড় বড় প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ আর খবর নেন না। দীর্ঘদিনের এই অবহেলার প্রতিবাদে আজ তারা রাস্তায় ধানের চারা লাগিয়ে দ্রুত পাকাকরণের দাবি জানাচ্ছেন। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ মুঠোফোনে জানান, রাস্তাটির বিষয়ে আমি অবগত হয়েছি। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের মাধ্যমে প্রয়োজনীয় সমীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে এটি পাকাকরণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।