গোমস্তাপুরে অবৈধভাবে সার মজুদ ॥ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে রাসায়নিক সার মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। অভিযানকালে রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন-২০০৬ লঙ্ঘন করে অবৈধভাবে সার মজুদের প্রমাণ পাওয়ায় ব্যবসায়ী মো. মোশাররফ হোসেন, পিতা—মৃত নুরুল হুদাকে আইনের ১২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর দোকানে মজুদ থাকা ১৩ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। জব্দ করা সার স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট চেয়ারম্যান এসব সার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবেন। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের কৃত্রিম সংকট প্রতিরোধে অবৈধ মজুদ ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকের প্রয়োজনীয় সার নিয়ে কোনো ধরনের কারসাজি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। স্থানীয় কৃষকদের স্বার্থে বাজারে সারের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রশাসনের এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।