ছিনতাইকারীর কবলে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া
চট্টগ্রামে রিকসাযোগে বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাবেক সহ সভাপতি বাবলু বড়ুয়া। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা তাঁর পকেট থেকে ১২ হাজার টাকাসহ মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। স্থানীয় সুত্র জানায়, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আলমাছ সিনেমা হল ও বিশ্ব মসজিদের মধ্যবর্তী স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী লালখান বাজারের বাসিন্দা জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য বাবলু বড়ুয়া (৫৯) জানান, তিনি লালদিঘী থেকে রিকশাযোগে ওয়াসার মোড়ের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে আলমাছ সিনেমা হলের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন দুর্বৃত্ত পেছন থেকে টান মেরে তার প্যান্টের পেছনের পকেটে থাকা মানিব্যাগটি ছিনিয়ে নেয়। মানিব্যাগে নগদ ১২ হাজার টাকা এবং একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র ছিল। ছিনতাইয়ের পরপরই দুর্বৃত্তরা আলমাছ হলের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বাবলু বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তসহ ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সভাপতি বাবলু বড়ুয়া চট্টগ্রামের ওয়াসা মোড়ে ছিনতাইকারীদের হাতে ছিনতাই এর শিকার হওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নেতৃবৃন্দ এঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার, ছিনিয়ে নেয়া অর্থ ও কাগজপত্র উদ্ধারসহ প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণের জোর তাগিদ দিয়েছেন।