শুক্রবার, আগস্ট ২১, ২০২৭
‘এরফান গ্রুপ’র পৃষ্ঠপোষকতায় জেলায় ফুটবল টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি ॥ ২১ আগস্ট ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ২১ আগস্ট ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন



বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে এই টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এবং জেলা শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’র পৃষ্ঠপোষকতায় এ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন এম ওয়াসিম ফিরোজ, ‘এরফান গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অ্যাডহক কমিটির সদস্য মোঃ মাহবুব আলম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব মোঃ মশিউর রহমান মিঠু ও সদস্য মোঃ তৌফিকুল ইসলাম তোফাসহ সংশ্লিষ্টরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও ভোলাহাট উপজেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভোলাহাট উপজেলাকে ৪-০ গোলে হারিয়ে জয় পায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। শুক্রবারের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সদর উপজেলার ১০ নং খেলোয়াড় মোঃ আহাদ আলী। খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারিতে দর্শক ও ফুটবলপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর জেলার ক্রীড়াঙ্গনে এমন আয়োজন ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানান, স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য। তাঁরা আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

উল্লেখ্য, জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর সার্বিক সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আন্তঃজেলা পর্যায়ের দলগুলোও এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। খেলায় স্থানীয় খেলোয়াড়রা খেলার সুযোগ পাবে। জেলার বাইরের কোন খেলোয়াড় বা অতিথি খেলোয়াড় খেলায় অংশ গ্রহন করতে পারবে না। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার খেলোয়াড় ওই উপজেলার খেলায় অংশ নেবে, অন্য উপজেলার হয়েও খেলতে পারবে না। প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনোনীত রেফারিরা বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এদিকে, জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ দীর্ঘদিন থেকেই জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদান, কঠিন রোগাক্রান্ত অসহায় মানুষকে সহায়তা প্রদান, বিভিন্ন সামাজিক উন্নয়নে সহযোগিতা, খেলাধুলার আয়োজনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। জেলার শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী জীবদ্দশায় জেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ বিভিন্ন সামাজিক কাজ করে গেছেন, তারই ধারাবাহিকতায় তাঁর উত্তরসুরী ‘এরফান গ্রুপ’র বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটির মেম্বার সেক্রেটারি মোঃ মাহবুব আলম এই ধারা অব্যাহত রেখেছেন। ‘এরফান গ্রুপ’র এমন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকুক, এমনটায় আশা করছেন শুভাকাঙ্খীরা।