শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৭

কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

বিশেষ প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন জাতীয়
বিশেষ প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৯ অপরাহ্ন
কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণসচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (১২ সেপ্টেম্বর) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সম্পৃক্ত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যার আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই এর বাস্তবায়ন করা হবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জে প্রায় ২০ লাখ মানুষের বসবাস। একটি মাত্র সরকারি হাসপাতালে এত বিপুল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন। তাই ৫০ শয্যা থেকে ১৫১ শয্যা নয়, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫১ শয্যার হাসপাতালে উন্নীত করার দাবি জানান তিনি। মেডিকেল ক্যাম্পে কয়েক হাজার মানুষকে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত মহিলা আসন-৩২৮-এর সংসদ সদস্য মমতাজ আলো, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন এবং রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম। এছাড়া নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।