ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিধন ও সচেতনতামূলক অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তারা শহরের কোর্ট এলাকার সংলগ্ন শিশু পার্কের আশপাশে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ওয়ার্ডে নিয়মিতভাবে এ কার্যক্রম চালানো হচ্ছে। পৌরসভার সংশ্লিষ্টরা জানান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে শহরের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ ধরনের উদ্যোগের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। অভিযানে উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন, মো. রুবেলসহ পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তাঁরা জানান, শহরের বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক উদ্যোগও অব্যাহত রয়েছে। পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খাঁন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়, নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।”