৫৯ বিজিবির অভিযানে ফেয়ারডিল ও ইনজেকশন জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৫৬ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করেছে ৫৯ বিজিবি। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা। শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক অভিযানের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ২ মিলিলিটারের ৪৬০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান মহানন্দা ৫৯ বিজিবি অধিনায়ক।