শুক্রবার, নভেম্বর ২০, ২০২৭

গোমস্তাপুরে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ৯ হাজার ৪২৫ কৃষক

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৫:১১ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৫:১১ অপরাহ্ন
গোমস্তাপুরে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ৯ হাজার ৪২৫ কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে ৯ হাজার ৪২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষের জন্য এসব উপকরণ দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাসান আতিকুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আসমা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রাকিব ও মিঠুন দেবনাথসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ৪২৫ জন কৃষক সহায়তা পাবেন। এর মধ্যে সরিষা চাষে ৯ হাজার ৩০০ জন, মসুর চাষে ৭৫ জন এবং খেসারি চাষে ৫০ জন কৃষককে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রণোদনার আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষক এক বিঘা জমির বিপরীতে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। মসুর চাষের জন্য জনপ্রতি পাঁচ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং খেসারি চাষের জন্য আট কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার বরাদ্দ রয়েছে। ইউনিয়নভিত্তিক বরাদ্দের মধ্যে গোমস্তাপুরে ১ হাজার ৩৫ জন, বাঙ্গাবাড়ীতে ১ হাজার ৩৫ জন, রাধানগরে ১ হাজার ৩৫০ জন, পার্বতীপুরে ১ হাজার ৩১৫ জন, রহনপুরে ১ হাজার ১১৫ জন, চৌডালায় ৮৩৫ জন, বোয়ালিয়ায় ৯৭০ জন এবং আলীনগরে ৮৬০ জন কৃষক রয়েছেন। এ ছাড়া রহনপুর পৌরসভায় ৯১০ জন কৃষক এ সুবিধা পাবেন। কৃষি বিভাগের সংশ্লিষ্টরা জানান, রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারির আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের চাষাবাদের ব্যয় কমানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা যাতে সময়মতো জমি প্রস্তুত করে আবাদ শুরু করতে পারেন, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন শীতকালীন ফসলের উৎপাদন বাড়বে, অন্যদিকে কৃষকের আর্থিক চাপ কিছুটা কমবে বলে আশা করছে কৃষি বিভাগ।