চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. হাকিমুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, কলেজের শিক্ষার পরিবেশ ও ঐতিহ্য ধরে রেখে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননে সমৃদ্ধ করে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা এবং পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
উচ্চশিক্ষার পাশাপাশি জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখা এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। অনুষ্ঠানের নবীনবরণ পর্বে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় আনন্দমুখর পরিবেশ।